সারা বাংলা

গোপালগঞ্জে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা

কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী সুকান্ত মেলা। 

বুধবার (১৩ মে) বিকেলে কবির পৈত্রিক ভিটা উপজেলার উনশিয়া গ্রামে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের।

সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় থাকছে দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কবি সাহিত্যিক ও গুণিজনদের সংবর্ধনা। 

স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান বুলু বলেন, “প্রতি বছর কবির পৈত্রিক ভিটায় সুকান্ত মেলার আয়োজন করা হয়। কবি সুকান্তের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে প্রতিটি বিদ্যালয়ে নানা আয়োজন করা গেলে নতুন প্রজন্ম কবির সম্পর্কে আরো বেশি জানতে পারবে।”

ধারাবাশাল আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি মিন্টু রায় বলেন, “প্রতি বছরই সুকান্ত মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দেশ বরণ্যে কবি, লেখক, সাহিত্যিকদের আড্ডা বসে। এ বছরও তার ব্যতিক্রম হবে না। এ মেলায় এসে কবি সাহিত্যিকরা তাদের প্রাণ খুলে কথা বলতে পারেন। তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়। এ জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।”

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, “স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের সহযোগিতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে আমরা মেলার সব প্রস্তুতি শেষ করেছি। ভবিষ্যতেও কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতিকে ধরে রাখতে আরো বর্ণাঢ্যভাবে মেলার আয়োজন করা হবে।”

তিনি বলেন, “কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে আমাদের নানামুখী উদ্যোগ গ্রহণ করা উচিত।”

কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান তিনি। কলকাতায় জন্মগ্রহণ করলেও কবি সুকান্তের পৈতৃক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’, ‘পূর্বাভাস’, ‘অভিযান’ ও ‘হরতাল’। কবি সুকান্তের প্রতিটি কবিতায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং শোষিতের পক্ষে দৃঢ় অবস্থান ফুটে উঠেছে।