সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলির হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে ঘটনাটি ঘটে। পরে ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় চার জেলেকে উদ্ধার করা হয়। পাশাপাশি বনদস্যুদের ব্যবহৃত একটি বন্ধুক ও এক রাউন্ড গুলি জব্দ করেন বনকর্মীরা।
উদ্ধার জেলরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান, একই উপজেলার মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম, দকোপ উপজেলার ইরাক শেখ।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “শেলারচর টহল ফাড়ির সিঙারটেক এলাকায় শেলারচর টহল ফাড়ি এবং স্মার্টটিমের যৌথ টহল চলাকালীন ডাকাতের উপস্থিতি টের পেয়ে সেদিকে অভিযান পরিচালনা করা হয়। ডাকাতরা গুলি ছুরলে বনকর্মীরা পাল্টা গুলি ছোড়ে। তাদের দিকে সাত রাউন্ড গুলি ছোড়া হয়। ডাকাতরা পরবর্তীতে তাদের ট্রলার এবং চার জিম্মি রেখে পালিয়ে যায়।”
তিনি জানান, উদ্ধার হওয়া জিম্মিরা শেলারচর টহলফাড়ির হেফাজতে আছেন। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনকর্মীদের গুলি করা দস্যুরা শরীফ বাহিনীর সদস্য বলে জানা গেছে।