সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।
বুধবার (১৩ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
আরো পড়ুন: এক শয্যায় একাধিক শিশু, বাড়ছে মৃত্যু
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সর্বশেষ মারা যাওয়াদের মধ্যে রয়েছে সিলেটের কানাইঘাট উপজেলার ২ বছর ৩ মাস, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ বছর ৪ মাস বয়সী ও ছাতক উপজেলার ৮ মাস বয়সী শিশু। একই সময়ে নতুন করে আরো ৯২ জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন সন্দেহভাজন রোগী।
সবচেয়ে বেশি রোগী রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ভর্তি আছে ১১০ জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো ৫০ জন। সুনামগঞ্জ সদর হাসপাতাল, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ।
আরো পড়ুন: ওসমানীতে ৩৮ শয্যার হামের আইসোলেশন সেন্টার চালু
গত ২৪ ঘণ্টায় শুধু শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন রোগী। একই সময়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেটে হাম শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ১৪৭ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৩ জন শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলায়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর মুনীর রাশেদ বলেন, “হামের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছিল। সে কারণে শিশু ওয়ার্ডে আলাদা হাম আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। পাশাপাশি সংকটাপন্ন শিশুদের চিকিৎসাসেবা বাড়াতে আইসিইউ শয্যাও বাড়ানো হয়েছে।”