সারা বাংলা

মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

পাবনার চাটমোহরে মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে রব্বান আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার মহেশপুর মাঠে এ ঘটনা ঘটে।

রব্বান আলী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামাণিকের ছেলে।

চাটমোহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও মুলগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ জানান, বেলা ১১টার দিকে জমির আগাছা পরিষ্কারে বিলে যান রব্বান আলী। দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড়সহ বজ্রপাত শুরু হলে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।