নিখোঁজ হওয়ার দেড় মাস পার হলেও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গৃহবধূ সানজিদা খানমের (২০) কোনো সন্ধান মেলেনি। গত ১ এপ্রিল উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে নিখোঁজ হন তিনি। পুলিশ জানিয়েছে, সানজিদাকে উদ্ধারে তারা তৎপর রয়েছেন।
সানজিদা উপজেলার রামদিয়া গ্রামের ইকলাস সরদারের স্ত্রী। তিনি সাফলীডাঙ্গা গ্রামের শাহজাহান সরদারের মেয়ে। নিখোঁজের ঘটনায় কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী ইকলাস।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে পারিবারিকভাবে রামদিয়া গ্রামের ইকলাস সরদারের সঙ্গে সানজিদার বিয়ে হয়। জীবিকার তাগিদে তারা ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের সংসারে হামজা নামে ৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
সানজিদার স্বামী ইকলাস সরদার জানান, গত ১ এপ্রিল প্রতিদিনের মতো তিনি সকালে ভ্যান চালাতে বাইরে যান। দুপুরে বাসায় ফিরে দেখেন তার স্ত্রী ঘরে নেই। শ্বশুর বাড়িসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, “আমার ৫ বছরের একটা ছেলে রয়েছে। মা ছাড়া সে কিছুই বোঝে না। সারাক্ষণ মায়ের অপেক্ষায় দিন কাটছে তার। আমার স্ত্রী কেমন আছে, নাকি বেঁচে নেই, তাও জানি না। দ্রুত সময়ের মধ্যে আমার স্ত্রীর সন্ধান পেতে প্রশাসনের সহায়তা চাচ্ছি।”
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, “সানজিদার সন্ধানে পুলিশ তৎপর রয়েছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোসহ প্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করি, দ্রুতই তার সন্ধান মিলবে।”