কক্সবাজারের উখিয়ায় গোলাপশা আক্তার (১৭) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গোলাপশা উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চরপাড়া এলাকার ছৈয়দ মিস্ত্রীর মেয়ে ও রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্র জানায়, সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য গোলাপশাকে ডাকতে যান পরিবারের সদস্যরা। এ সময় ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। ডাকাডাকি করলেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে গোলাপশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন সিকদার বলেন, গোলাপশা তার বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়ে। পরিবারের দাবি এটি আত্মহত্যা। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।
উখিয়া থানার ওসি মুজিবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।