কক্সবাজারের টেকনাফ ও ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা, অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র্যাব)।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক এ তথ্য জানান। বুধবার (১৩ মে) রাত থেকে বৃহস্পতিবার (১৪ মে) ভোর পর্যন্ত পরিচালিত এ সব অভিযানে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি লবণবোঝাই ট্রাকও জব্দ করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের সাবরাং এলাকায় ইয়াবার একটি বড় চালান পাচারের তথ্য পায় র্যাবের আভিযানিক দল। পরে রাত ১১টা ৫ মিনিটে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালিয়ে লবণের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাক ও ১০০ মণ লবণ জব্দ করা হয়। একই সঙ্গে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মো. এমরানুল ইসলাম (২০) এবং টেকনাফের সাবরাং এলাকার নুর মোহাম্মদ (৪২)।
বুধবার (১৩ মে) রাত ১টা ৫ মিনিটে ঈদগাঁও থানাধীন আলমাছিয়া পূর্ব গেট এলাকায় পৃথক অভিযান চালায় র্যাব-১৫ এর আরেকটি দল। এ সময় স্বপ্নচূড়া মার্কেটের সামনে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন, ঈদগাঁও থানার কালীরছড়া এলাকার মো. এনামুল হক ওরফে এনাম (২৩) এবং মো. নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক আরো জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।