সারা বাংলা

‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথনে দৌড়াল হাজারো তরুণ

মাদকবিরোধী সচেতনতা ও সুস্থ সমাজ গঠনের বার্তা নিয়ে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাড়ে ৭ কিলোমিটার ‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

শুক্রবার (১৫ মে) সকালে শহরের বাজার স্টেশন এলাকা থেকে শুরু হওয়া এ আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন জেলার প্রায় এক হাজারেরও বেশি দৌড়বিদ। 

“মাদকমুক্ত সমাজ গড়ি, খেলাধুলায় মন ভরি” প্রতিপাদ্যে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজারের যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ম্যারাথনের উদ্বোধন করেন।

দৌড়বিদরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে দৌড় শেষ করেন। প্রতিযোগিতায় সিলেটের অ্যাথলেট আশরাফুল মাত্র ১৬ মিনিট ৪ সেকেন্ডে নির্ধারিত পথ অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় হন খুলনার পারভেজ এবং তৃতীয় স্থান লাভ করেন দিনাজপুরের হামিদ।

দৌড় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘‘তরুণ প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ শরীর ও সুন্দর মানসিকতা গঠনে নিয়মিত ক্রীড়াচর্চার বিকল্প নেই। ‘রান সিরাজগঞ্জ’ শুধু ম্যারাথন নয়, এটি তরুণদের জন্য ইতিবাচক বার্তা।’’

ভবিষ্যতেও সিরাজগঞ্জে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।