সারা বাংলা

১৯ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না 

বান্দরবান সদর থানার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মং নু মং ওরফে মংনুকে (৭১) গ্রেপ্তার করা হয়েছে।১৯ বছর আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সদর থানার লুইলান পাড়া নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

শুক্রবার (১৫ মে) র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক এ তথ্য জানান।

গ্রেপ্তার মং নু মং বান্দরবান সদর থানার লুইলান হেডম্যান পাড়ার মৃত জ্য হ্লা প্রুর ছেলে।

র‌্যাবের সহকারী পরিচালক আ.ম. ফারুক জানান, ২০০৭ সালে বান্দরবান সদর থানায় দণ্ডবিধির ৩০২/২০১ ধারায় একটি হত্যা মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মং নু মংকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ২০১ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং আরো ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর থেকেই মং নু মং দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন।

তিনি আরও জানান, র‌্যাব-১৫ এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদর থানার লুইলান পাড়া নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।