সারা বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে নিহত ১

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীদের চালানো গুলিতে হাসান আহমেদ ওরফে কালা হাসান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে ক্যাম্পের এইচ-ব্লকে ঘটনাটি ঘটে।

শুক্রবার (১৫ মে) সকালে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার এ তথ্য জানান। 

নিহত হাসান আহমেদ ওরফে কালা হাসান একই ক্যাম্পের এইচ-ব্লকের ৬৩৪ নম্বর শেডের বাসিন্দা। তিনি সুলতান আহমেদের ছেলে। আগে হাসান আহমেদ ডাকাত বাহিনী ‘জকির গ্রুপের’ সদস্য ছিলেন বলে এপিবিএন সূত্রে জানা গেছে। 

স্থানীয়দের বরাতে এপিবিএন অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, পূর্ব শত্রুতার জেরে রোহিঙ্গা সন্ত্রাসী সাদ্দাম ও তার সহযোগীরা সশস্ত্র অবস্থায় ক্যাম্পে প্রবেশ করে হাসান আহমেদকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার বুকের ডান পাশে লাগে। হামলাকারীরা ক্যাম্পের পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে রোহিঙ্গারা আহত অবস্থায় হাসান আহমেদকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তিনি জানান, টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত হাসান আহমেদ পূর্বে জকির গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, দুটি ডাকাতি প্রস্তুতি মামলা এবং দুটি অপহরণ মামলা রয়েছে।