সারা বাংলা

বাগেরহাটে ছুরিকাঘাতে কিশোর নিহত, মামাতো ভাই আটক

বাগেরহাটে আম্মার (১৮) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার মামাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্বজনরা।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে শহরের বাসাবাটি বাইনেবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আম্মার ওই এলাকার এ এইচ এম তাসলিম মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে ফুফুর বাড়িতে বেড়াতে আসে আব্দুল্লাহ। রাতের খাবার শেষে আম্মার ও আব্দুল্লাহ বাড়ির দোতলায় একটি কক্ষে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ চিৎকারের শব্দে পরিবারের সদস্যরা দোতলায় ছুটে যান।

সেখানে গিয়ে তারা আম্মারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আম্মারকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা আব্দুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বাগেরহাট সদর মডেল থানার ওসি সামসুল আরিফিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, আম্মারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”