প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুরে আসবেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত এ জেলার বাসিন্দারা। তার কাছে কিছু দাবিও তুলে ধরবেন তারা।
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে শুক্রবার (১৫ মে) চাঁদপুর সরকারি কলেজ মাঠে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি জানিয়েছেন, হাইমচরে ৭ থেকে ৮ হাজার একর জমির মধ্যে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হবে। লক্ষাধিক লোকের কর্মসংস্থানের জন্য চাঁদপুর সদর বা যেকোনো উপজেলায় ২৫০ একর জমিতে একটি ইপিজেড, চাঁদপুরের মতলব উত্তর হতে হাইমচর পর্যন্ত নদীরক্ষা বাঁধসহ বেশ কয়েকটি দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।
শেখ ফরিদ আহমেদ মানিক জানান, শনিবার বেলা ১২টা ৩০ মিনিটে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ ‘খোদ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন উদ্বোধন করবেন তিনি।
চাঁদপুর সার্কিট হাউজে কিছুক্ষণ যাত্রাবিরতির পর বিকেল ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এর পর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।
সফর শেষে ওই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চাঁদপুরের সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।