সারা বাংলা

উখিয়ায় বিদেশি মুদ্রাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় বিদেশি মুদ্রাসহ মো. তোহা নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শুক্রবার (১৫ মে) বিকেলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো. তোহা উখিয়ার ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা আহমদ হোসেনের ছেলে।

১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, “বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফগামী একটি বাসে ওঠার সময় তোহাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকে অবস্থিত নিজ শেল্টারে নেওয়া হয়। সেখানে হেড মাঝির উপস্থিতিতে তল্লাশি চালিয়ে নগদ টাকা ও বিদেশি মুদ্রাসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।”

তিনি আরো বলেন, “জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৩ হাজার টাকা, ৩ হাজার ২৫০ সৌদি রিয়াল, ৩ হাজার ৩০০ মালয়েশিয়ান রিংগিত এবং ৬০০ মার্কিন ডলার। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জাতীয় সনদপত্র, তার মেয়ে আনাস তোহার জন্ম সনদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি চেক বইয়ের পাতা, অনলাইন জাতীয় পরিচয়পত্রের কপি এবং একটি ভিভো ওয়াই ১৭ এস মোবাইল। মোবাইলে তার নামে নিবন্ধিত দুটি সিম কার্ডও পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”