ময়মনসিংহের ফুলপুরে ঝড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) এবং মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন তাজউদ্দিন। এ সময় ঝড়ো বাতাসে ছিঁড়ে পড়ে থাকা একটি বিদ্যুতের তার খড়ের নিচে চাপা পড়ে ছিল, যা তিনি বুঝতে পারেননি। একপর্যায়ে ওই তারে স্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেই সময় মাঠে কাজ করতে যাচ্ছিলেন আরশব আলী। তাজউদ্দিনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যান তিনি। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”