বগুড়ায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় গ্যাস ট্যাবলেট (কীটনাশক) সেবনে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বিষাক্ত ট্যাবলেট সেবনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) ভোরে তার মৃত্যু হয়।
রাহুল যাদব শহরের নামাজগড় ডালপট্টি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ডাল ব্যবসা ও আমদানির সঙ্গে জড়িত ছিলেন।
বৃহস্পতিবার সকালে রাহুল যাদব তার নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ভালো লাগছে না। আর ভালো থেকো সবাই। আমার বাবুটাকে তোমরা সবাই দেখে রাখিও। বাবু তুমি ভালো করে মানুষের মতো মানুষ হবে। তুমি গেলা বাবুটাকে আমাদের এতিম করে দিয়ে গেলা। ভালো থেকো। আমিও হয়ত আর থাকবো না এই পৃথিবীতে।’
রাহুলের পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে পারিবারিক বিরোধের জের ধরে রাহুলের স্ত্রী তাদের আট বছর বয়সী মেয়েকে রেখে অন্যত্র চলে যান। এতে মানসিকভাবে ভেঙে পড়েন রাহুল। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করেন রাহুল। পরে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল সাদিক বলেছেন, “পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”