চাঁদপুর সফরের পথে কুমিল্লায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরইমধ্যে কুমিল্লায় পৌঁছেছেন তিনি।
শনিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পথসভায় বক্তব্য দেবেন বলে জানা গেছে।
কুমিল্লার বরুড়ার লক্ষীপুর বাজার মাঠে প্রধানমন্ত্রীর পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামতে শুরু করেছে। বরুড়া, লাকসাম, মনোহরগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসছেন।
কুমিল্লা বরুড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
এদিকে, পথসভাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।
এর আগে, শনিবার সকাল পৌনে ৯টার দিকে গুলশানের বাসা থেকে সড়কপথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন।
এরপর তিনি সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ডও বিতরণ করা হবে। পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম চাঁদপুর সফর।