ওমানে দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার সহোদরের মরদেহ আগামী মঙ্গলবার (১৯ মে) দেশে পৌঁছাতে পারে। শনিবার (১৬ মে) রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চার সহোদরের মরদেহ মঙ্গলবার দেশে পৌঁছাতে পারে। এ ব্যাপারে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রশাসনের পক্ষ থেকে আমরা নিহতদের পরিবারের পাশে রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।”
এদিকে, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়ায় নিহতদের বাড়িতে যান তিনি। সংসদ সদস্য পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত বুধবার সকালে ওমানের মিল্লিদা এলাকার একটি পার্কিংয়ে থাকা গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতদের ভাই মো. এনাম জানান, মারা যাওয়া ভাইদের মধ্যে রাশেদুল ইসলাম (৩৫) বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় ভাই সাহেদুল ইসলামও (৩২) বিবাহিত ছিলেন। ছোট দুই ভাই সিরাজ (২৭) ও শহিদ (২৪) দেশে এসে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। সে উদ্দেশ্যে কেনাকাটা করতেই তারা বের হয়েছিলেন।
তিনি জানান, ১৩ মে রাতের ফ্লাইটে চার ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। পরিবারের সদস্যরা তাদের অপেক্ষায় ছিলেন। কিন্তু সেই অপেক্ষা এখন পরিণত হয়েছে শোক আর কান্নায়।