প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, “এই কার্ডের মাধ্যমে রেমিট্যান্স যোদ্ধাদের মর্যাদা ও সরকারি সহায়তা আরো সহজ করা হবে।”
শনিবার (১৬ মে) দুপুরে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রবাসীকল্যাণমন্ত্রী।
মন্ত্রী বলেন, “প্রবাসীদের জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছি। খুব দ্রুতই প্রবাসী কার্ড চালু করা হবে। যারা দেশে রেমিট্যান্স পাঠান, তাদের কী ধরনের সম্মান ও সহযোগিতা দেওয়া যায়, সেটি নিয়ে কাজ চলছে।”
তিনি জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ শুরু হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও মেডিকেল সুবিধাসহ একটি মেডিকেল ইউনিট চালুর কাজ চলছে।
আরিফুল হক চৌধুরী বলেন, “অনেক সময় ফ্লাইট বিলম্ব হয়, বিভিন্ন ভোগান্তি হয়। অসুস্থ হলে বিমানবন্দরের আশপাশে দ্রুত চিকিৎসার ব্যবস্থা ছিল না। এখন আমরা ইমিগ্রেশনের ভেতরেই সেই ব্যবস্থা করছি।”
তিনি আরো বলেন, “গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বিমানবন্দরে স্থায়ী অ্যাম্বুলেন্স রাখা হবে। একইসঙ্গে বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও সরকার চালু করেছে।”
আরিফুল হক চৌধুরী জানান, পর্যায়ক্রমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও একই ধরনের সুবিধা চালু করা হবে।
অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম অংশ ছিল— প্রবাসীবান্ধব উদ্যোগ বাস্তবায়ন। সে লক্ষ্যেই সরকার কাজ করছে।