সারা বাংলা

ঝালকাঠিতে সেতু ভেঙে খালে ট্রাক, যোগাযোগ বিচ্ছিন্ন

ঝালকাঠির কাঠালিয়ায় সেতু ভেঙে খালে পড়ে গেছে পাথর বহনকারী ট্রাক। এতে চেচরিরামপুর ইউনিয়নসহ অন্তত ১০টি গ্রামের সঙ্গে কাঠালিয়া উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

শুক্রবার (১৫ মে) গভীর রাতে বান্দাঘটা-কৈখালী- ভান্ডারিয়া সড়কের জোড়া পুল বাজার এলাকায় ওই সেতু ভেঙে পড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানিয়েছেন, সাতক্ষীরা থেকে আনুমানিক ১০ টন পাথর নিয়ে একটি ট্রাক কাঠালিয়ার ষাটকুড়া নামক স্থানে যাচ্ছিল। ট্রাকটি জোড়াপুল বাজার-সংলগ্ন দীর্ঘদিনের পুরনো ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজ অতিক্রমকালে সেটি ভেঙে পড়ে। এ সময় ট্রাক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পেছনের দুটি চাকা। এলাকাবাসী ভেকু দিয়ে ট্রাকটি টেনে তুললেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। 

দুর্ঘটনার পরে কাঠালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন ও ঝালকাঠি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

কাঠালিয়ার ইউএনও মো. মকবুল হোসেন বলেছেন, “ভেঙে পড়া ব্রিজটি দ্রুত মেরামত করে সড়ক চালু করা হবে।” 

ঝালকাঠি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত ব্রিজটি দ্রুত মেরামত করে সড়ক যেগাযোগ স্বাভাবিক করা হবে।”