রাঙামাটিতে কর্ণফুলী নদীতে দাদার সঙ্গে গোসল করতে নেমে মো. মোসকান নামে সাত বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি চেয়ারম্যান ঘাট-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার জানান, শিলছড়ি ভেলুয়াছড়া এলাকার সিএনজি অটোরিকশার চালক মো. মুছার সাত বছর বয়সী কন্যা মোসকান তার দাদা মো. ইউসুফের সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে যান। এ সময় মেয়েটি তার দাদার অজান্তে নদীতে নেমে তলিয়ে যায়। তার দাদা মনে করেছিলেন, মেয়েটি ঘরে চলে গেছে। পরে ঘরে তাকে না পেয়ে কর্ণফুলী নদীতে গিয়ে দেখে মেয়েটা ভেসে উঠেছে। এর পর তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেছেন, হাসপাতালে আনার আগেই মেয়েটি মারা গেছে।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।