সারা বাংলা

কাজ শেষে ফিরে বিশ্রাম নিচ্ছিলেন স্বামী, কুপিয়ে ‘মারলেন’ স্ত্রী

নাটোর সদর উপজেলায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে রতেজান (৫০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মান্নান সরকার মানু (৭০)। পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে মাঠে কাজে যান মান্নান সরকার। কাজ শেষে ফিরে বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় রতেজান হাঁসুয়া দিয়ে তার গলায় কোপ দেন। এতে গুরুতর জখম হন তিনি। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। সেই সঙ্গে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”