সারা বাংলা

রাঙামাটিতে পুলিশের ‘অনলাইন বাস টার্মিনাল` চালু

রাঙামাটি পার্বত্য জেলায় সড়কে নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ডিজিটাল উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। জেলার সড়ক ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘অনলাইন বাস টার্মিনাল’ এবং সিএনজিচালিত অটোরিকশার চালকদের ডিজিটাল ডাটাবেজ কার্যক্রম।

শনিবার (১৬ মে) বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, রাঙামাটিকে একটি আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এই ডিজিটাল উদ্যোগ সময়োপযোগী। কিউআর কোড এবং অনলাইন বাস টার্মিনাল চালুর ফলে শুধু ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে না, বরং এখানে আসা দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও আস্থা বৃদ্ধি পাবে।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, পার্বত্য জেলা রাঙামাটি দেশের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র হওয়ায় এখানে প্রতিদিন হাজার হাজার স্থানীয় যাত্রী ও দেশি-বিদেশি পর্যটকের সমাগম ঘটে। এতদিন সমন্বিত ডিজিটাল ব্যবস্থা না থাকায় যানবাহন ও চালকদের ওপর নজরদারি এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা বেশ চ্যালেঞ্জিং ছিল। এই সংকট দূর করতে এই প্রথম শহরের সব সিএনজি থ্রি-হুইলার ও চালকদের একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজের আওতায় আনা হয়েছে।

ইতিমধ্যেই জেলায় নিবন্ধিত ১ হাজার ৪১৬টি সিএনজি অটোরিকশা এবং সহস্রাধিক চালকের বিস্তারিত তথ্য সংগ্রহ ও নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

উদ্বোধন শেষে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে রাঙামাটি জেলা পুলিশ ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘No Helmet, No Ride’ সংবলিত স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়।

এই সিস্টেমের মাধ্যমে যাত্রীরা অনলাইনে বাসের সময়সূচি, কাউন্টারের তথ্য ও টিকিটের মূল্য সহজে জানতে পারবে। টিকিট কাটার পাশাপাশি বাসের ফিটনেস এবং চালকের আচরণ ও সার্বিক সেবার মান পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পর্যটকদের সময় বাঁচানোর পাশাপাশি এটি পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।