চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বেশকিছু নতুন প্রকল্প অনুমোদনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে, এমনটাই আশা করছেন বিএনপির নেতাকর্মীসহ জেলাবাসী।
শনিবার (১৬ মে ) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশ ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “এই জেলায় ইপিজেড প্রতিষ্ঠার জন্য সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুত যেন কাজ শুরু করা যায়, সেই নির্দেশ দিচ্ছি। একইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নদীরক্ষা বাঁধ এবং অর্থনৈতিক অঞ্চলের কাজ নিয়ে দ্রুত এগিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছি।”
অসহায় নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই টাকা আপনাদের পরিবারের অনেক কাজে আসবে। আগামী বাজেটে আমরা এই খাতে বরাদ্দ আরো বাড়াব, যাতে এখন যারা এই ফ্যামিলি কার্ডের আওতায় আসতে পারেননি, তারাও দ্রুত এ সুবিধা পান।”
জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা খালে পানি আনার রাজনীতি করি, আমরা কৃষকদের দুর্দশা লাঘবের রাজনীতি করি। কীভাবে মানুষের ভাগ্য বদল করা যায়, আমরা সেই কাজ করি। এগুলো আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি। অথচ, এসব নিয়ে অনেকেই অপপ্রচার চালায়। তাই, কোনোভাবেই কোনো বিভ্রান্তিতে কান দেওয়া যাবে না।”
তারেক রহমান বলেন, “আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, যাতে খাল কাটা কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান, কৃষক কার্ড ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টির মতো উদ্যোগগুলো কেউ বাধাগ্রস্ত করতে না পারে। এই কর্মসূচিগুলো মানুষের উপকারে আসবে বলেই দেশের জনগণ গত জাতীয় নির্বাচনে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে।”
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “পরিষ্কারভাবে বলে দিতে চাই, ভোটের মাধ্যমে দেশের মানুষ আমাদের যে সমর্থন দিয়েছে, আমরা এক এক করে সেসব পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। এতে কেউ বাধা দিলে বাংলাদেশের মানুষই তাদের সেই ষড়যন্ত্র ভেস্তে দেবে, আমাদের কিছু করা লাগবে না। তাই আসুন, সবাই মিলে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করি। আমরা জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিই, আর জনগণই সব রকমের বিভ্রান্তির জবাব দেয় এবং ভবিষ্যতেও দেবে। জনগণ এখন যথেষ্ট সচেতন।এ কারণেই আমাদের মূল নীতি—সবার আগে বাংলাদেশ।”
এদিন চাঁদপুরে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শাহরাস্তি ও চাঁদপুর সদরে দুটি খাল খননকাজের উদ্বোধন করেন। ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক সভায় মিলিত হন।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।