সারা বাংলা

চট্টগ্রামের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (১৮ মে) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিক নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৩০ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সিএমপির সহকারী কমিশনার (সদর) আমিনুর রশিদ জানান, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে আঁকা কিছু গ্রাফিতি অপসারণের অভিযোগ তোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা। এর প্রতিবাদে রবিবার (১৭ মে) সন্ধ্যায় টাইগারপাস এলাকায় চসিক কার্যালয়ের সামনে ‘জুলাই গ্রাফিতি অঙ্কন’ কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।

শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের পিলারে আঁকা গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানান, টাইগারপাস থেকে লালখান বাজার পর্যন্ত ফ্লাইওভারের কোনো গ্রাফিতি অপসারণের নির্দেশনা দেওয়া হয়নি।

রবিবার (১৭ মে) রাতে এ ইস্যুকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান নেয়। এরপরই নগরের গুরুত্বপূর্ণ অংশে জনসমাবেশ নিষিদ্ধের ঘোষণা এলো।