সারা বাংলা

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, চালক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহতের মামলায় অটোরিকশার চালক মো. নাজমুলকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সোমবার (১৮ মে) নাজমুলকে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, রবিবার রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন কলেজ গেট-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমুল উপজেলার নাজিরপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে। নিহত তন্ময় কুরী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডেলটা জুট মিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।  

র‍্যাব জানিয়েছে, গত ৬ মে দুপুরে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত ও বেপরোয়া গতির একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা তন্ময় কুরী ও তার সহপাঠী জিৎ দেবনাথকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তন্ময়ের অবস্থার অবনতি হওয়ায় তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর বলেন, “নিহতের বাবা কার্তিক কুরী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত চালককে শনাক্ত করে গ্রেপ্তার করে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”