সারা বাংলা

কুষ্টিয়ায় মানি লন্ডারিং মামলায় ইকবাল শেঠ গ্রেপ্তার

কুষ্টিয়ার সদর উপজেলায় মানি লন্ডারিং মামলায় পোড়াদহ এলাকার সুদ ব্যবসায়ী মো. নুর আলম ওরফে ইকবাল শেঠকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৮ মে) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া ময়নাগাড়ী এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই রকিব উদ্দিন জনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইকবাল শেঠকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে মিরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীরা মিরপুর থানায় যোগাযোগ করলে আসামির বিরুদ্ধে নতুন করে মামলা নেওয়া হবে। এ বিষয়ে ভুক্তভোগীদের থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

নুর আলম ওরফে ইকবাল শেঠ একসময় রড ও সিমেন্টের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তার একটি দোকান থাকলেও সেখানে মালামাল নেই। গত তিন বছরেরও বেশি সময় ধরে তিনি সুদের ভিত্তিতে অর্থ লেনদেনের ব্যবসা পরিচালনা করছেন।