সারা বাংলা

ছাগলে কলাপাতা খাওয়ায় একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগল কলাপাতা খাওয়ায় মানিক মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিরা বাঙালি বাজার এলাকায় সালিশ বৈঠকে ঘটনাটি ঘটে। 

নিহত মানিক মিয়া একই এলাকার আহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিক মিয়ার ভাইয়ের ছাগল পাশের বাড়ির একটি কলাগাছের পাতা খায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।  সোমবার সন্ধ্যায় ঝাজিরা বাঙালি বাজারে সালিশ বৈঠক বসে। এ সময় তালুচ পশ্চিমপাড়া গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে কাকরুল (২৮) মানিক মিয়ার মাথায় লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত অবস্থায় মানিক মিয়াকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, “অভিযুক্ত কাকরুল ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি।”