সারা বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা-পিস্তলসহ আটক ৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা ও একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে আটক করেছে এপিবিএন। মঙ্গলবার (১৯ মে) ভোরের দিকে উখিয়ার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ (ইস্ট) এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।। 

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন এ তথ্য জানান। 

আটকরা হলেন- মো. জাহিদ হোসেন (৩৮), নুর সেহেরা (১৮) ও আব্দুল হামিদ (৩২)। তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, “রোহিঙ্গা নাগরিক দিল মোহাম্মদের বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত তিনজনকে আটক করা হয়। অভিযানকালে মো. জাহিদ হোসেনের কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার হয়। পিস্তলটিতে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন লোড ছিল। এছাড়া, তার কাছ থেকে আরও দুটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তার বহন করা একটি কালো ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ হয়। নুর সেহেরার কাছ থেকে দুই হাজার পিস এবং আব্দুল হামিদের কাছ থেকে এক হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।”

তিনি বলেন, “উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৪৩ হাজার ৬০০ পিস, যার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।”