সারা বাংলা

গাইবান্ধায় ইজিবাইকে ধাক্কা দিল পিকআপ, নিহত ২

গাইবান্ধায় চাকা পাংচার হয়ে মুরগি পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ব্যাটারিচালিত ইজিবাইকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক মহাসড়কের কুমারপাড়া-ঠাকুরের দীঘির মধ্যবর্তী স্থানে (দক্ষিণ বারুইপাড়া) দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ী (নিউ তালের তল) গ্রামের মাসুদুর রহমান দর্জির ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতিনাবাড়ী গ্রামের বাবু বাশারের ছেলে ইজিবাইক চালক ফরিদ মিয়া (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরগি পরিবহনের কাজে একটি পিকআপ ভ্যান গাইবান্ধা থেকে দাড়িয়াপুরের দিকে যাচ্ছিল। এ সময় পিকআপ ভ্যানের সামনের চাকা পাংচার হলে সেটি গাইবান্ধা অভিমুখী ইজিবাইককে সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা এক যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইক চালকও মারা যান। আহতদের উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের অধ্যক্ষ (বরখাস্ত) সামিউল ইসলাম, তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুননেছা, মাঠের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুন্নাহার লাকী এবং তার ১০ বছরের ছেলে গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে থেকে রেকার (গাড়ি উদ্ধারের যন্ত্র) এলে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা সম্ভব হবে।

তিনি জানান, নিহত দুইজনের নাম পরিচয় পাওয়া গেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।