সারা বাংলা

বিএনপি-এনসিপিসহ ২৩ দলকে নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির চিঠি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার বিষয়ে বিএনপি ও এনসিপিসহ ২৩টি দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ জুনের মধ্যে এসব দলকে ব্যয়ের হিসাব জমা দিতে বলা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। 

আখতার আহমেদ জানান, যেসব রাজনৈতিক দল এখনো নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেয়নি, তাদের সময় বাড়িয়ে চিঠির মাধ্যমে ১৩ জুন পর্যন্ত হিসাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে এখন পর্যন্ত ২৭টি দল নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিয়েছে। বাকি ২৩টি দল এখনো হিসাব জমা দেয়নি।” 

তিনি জানান, প্রাথমিকভাবে ২৫টি দল হিসাব জমা দিয়েছে বলে জানানো হয়েছিল। তবে শেষ দিনে আরো দুইটি দল দেরিতে নথি জমা দেয়। সেসব নথি সংশ্লিষ্ট শাখায় পরে পৌঁছানোর কারণে প্রথম প্রতিবেদনে তা অন্তর্ভুক্ত হয়নি। পরবর্তীতে ওই দুই দলের হিসাব যুক্ত হওয়ায় বর্তমানে মোট ২৭টি দল হিসাব জমা দিয়েছে বলে গণ্য হচ্ছে। 

ইসি সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। গত ১৩ মে পর্যন্ত সময়সীমার মধ্যে ২৭টি দল হিসাব জমা দিলেও বিএনপি, এনসিপিসহ ২৩টি দল তা জমা দেয়নি। পরে এসব দলকে নতুন সময়সীমা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। 

যেসব দলকে চিঠি দিয়েছে ইসি, সেগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাগপা, গণফোরাম, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ কল্যাণ পার্টিসহ মোট ২৩টি রাজনৈতিক দল।