সারা বাংলা

কাঁচাপাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

কাঁচাপাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বুধবার (২০ মে) সকাল সোয়া ১০টার দিকে এই কর্মসূচি ‍শুরু হয়। দুপুর ১টায় শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

একই দাবিতে দৌলতপুর বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিংওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করেছেন তারা। বিক্ষোভ মিছিলে শ্রমিকদের স্ত্রী ও সন্তানরাও অংশ নেন।

দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিংওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন এ তথ্য জানান।

শ্রমিক নেতারা অভিযাগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচাপাট রপ্তানির ওপর ‘ষড়যন্ত্রমূলক’ নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পাট খাত মারাত্মক সংকটের মুখে পড়েছে। গত ৯ মাস ধরে অসংখ্য শ্রমিক কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। টাকার অভাবে চিকিৎসা সেবাও নিতে পারছেন না তারা। 

শ্রমিক নেতারা দ্রুত সময়ের মধ্যে কাঁচাপাট রপ্তানি চালুর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। অন্যথায় খুলনার বিভিন্ন শ্রমজীবী সংগঠনের সদস্যদের নিয়ে বৃহত্তর আন্দোলন ঘোষণা করার হুঁশিয়ারিও দেন।

এর আগে, মঙ্গলবার দুপুরে দৌলতপুরের বিজিএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, “দ্রুত কাঁচাপাট রপ্তানি চালু না হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প ধ্বংসের মুখে পড়বে।”