সারা বাংলা

সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহে গিয়ে মারধরের শিকার পুলিশ সদস্য

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক চাপায় এক শিশুর মৃত্যুর ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন ফরিদুল ইসলাম নামে এক পুলিশ সদস্য। 

মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের এশিয়ান মহাসড়কে ঘটনাটি ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

আহত ফরিদুল জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় একই স্থানে পাপরী রানী রায় নামে ছয় বছর বয়সী এক শিশু ট্রাক চাপায় নিহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। পাশাপাশি তারা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় কয়েকটি যানবাহনেও ভাঙচুরের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে দেবীগঞ্জে কর্মরত তিনজন ডিএসবি সদস্য ঘটনাস্থলে যান। তাদের মধ্যে দুইজন মরদেহের কাছে গিয়ে তথ্য সংগ্রহ করলেও ডিএসবি সদস্য ফরিদুল  ট্রাকটি যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন।

সূত্র জানায়, সড়ক অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা আরেকটি ট্রাক ভাঙচুরের চেষ্টা করলে ফরিদুল ইসলাম দূর থেকে একটি ছবি তোলেন এবং থানার ডিউটি অফিসারকে ফোনে পরিস্থিতি জানান। এসময় স্থানীয় ইউপি সদস্য সন্তোষ রায়ের ভাইয়ের নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক তার ওপর চড়াও হন এবং মারধর করেন। তারা ওই পুলিশ সদস্যের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, ফরিদুল নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহের দায়িত্বে রয়েছেন বলে জানালেও তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. স্বপূর্ণ সাহা বলেন, “রাত ১০টা ২০ মিনিটে ফরিদুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাথাতেও আঘাত পাওয়া গেছে। তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

হাসপাতালে চিকিৎসাধীন ডিএসবি সদস্য ফরিদুল ইসলামের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কোনো বক্তব্য দিতে পারবেন না।