সারা বাংলা

সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের ছেলে নিহত

ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় রাকিব হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে কালামপুর-বালিয়া আঞ্চলিক সড়কের বড় জেঠাইল এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. নাজমুল হুদা খান এ তথ্য জানান।

মারা যাওয়া রাকিব ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফ হোসেনের একমাত্র ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বালিয়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রাকিব। জেঠাইল এলাকায় বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি  পিকআপ ভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পিকআপ ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যান।

পুলিশ জানায়, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাস্তার বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘাতক পিকআপ ও তার চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

 

নিহত রাকিবের এক স্বজন জানান, মোবাইলে ফ্লেক্সিলোড করতে গিয়েছিল রাকিব। বালিয়া স্ট্যান্ড থেকে মোবাইলে টাকা লোড দিয়ে ফেরার সময় বাড়ির পাশেই পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়।