ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) বিকেল ৪টার দিকে উপজেলার কালীগচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইমাম হোসেন (৩০), হৃদয় মিয়া (২৫), মেহেদী (২২) ও আরমান (৩০)। এর মধ্যে তিনজনের বাড়ি গলানিয়া গ্রামে ও আরেকজনের বাড়ি একই উপজেলার ধরন্তি গ্রামে।
সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করেছে সরাইল দমকল বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে গ্যাস জমে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত ছাড়া কিছু এখনই বলা যাচ্ছে না।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গলানিয়া গ্র্রামের বাসিন্দা আলী মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কারে নামেন হৃদয় ও মেহেদী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা উঠে না আসায় সন্দেহ হলে আরমান ও ইমাম তাদের খোঁজে সেপটিক ট্যাংকে নামেন। পরে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
সরাইল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, “এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”