শরীয়তপুরে নিখোঁজের একদিন পর কীর্তিনাশা নদী থেকে সাজ্জাদ হোসেন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ মে) বিকেলে পৌরসভার রাজগঞ্জ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাজ্জাদ হোসেন সদর উপজেলার তুলাসার ইউনিয়নের বাইশরশি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন ছিল। বাবার মৃত্যুর পর সে মামার বাড়িতে বসবাস করত। তার অস্বাভাবিক আচরণের কারণে পরিবারের সদস্যরা প্রায়ই তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখতেন। সুযোগ পেলে সে বাড়ি থেকে বের হয়ে যেত।
মঙ্গলবার সকালে নিখোঁজ হয় সাজ্জাদ। সারাদিন খোঁজাখুঁজির পরে সন্ধান না পেয়ে বুধবার সকালে পালং মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মামা শাকিল।
এদিন বিকেলে রাজগঞ্জ এলাকায় কীর্তিনাশা নদীতে একটি লাশ ভাসতে দেখে ৯৯৯-এ কল করেন স্থানীয়রা। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লাশটি সাজ্জাদের বলে শনাক্ত করেন।
পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, “ধারণা করা হচ্ছে, নদীর পাড়ে গিয়ে পড়ে গিয়ে সাজ্জাদ মারা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”