সারা বাংলা

প্রধানমন্ত্রীর আশ্বাসে বিচার পাওয়ার আশা রামিসার বাবার

“আমার বাসায় গিয়েছিলেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। ওনারা যাওয়ার পরে ওনারা আমাকে বলেছেন, বাংলাদেশের ভেতরে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে আমরা চার্জশিট দেওয়ার চেষ্টা করব। হয়তো তিন-চারদিন হতে পারে বা আরো তাড়াতাড়ি হতে পারে। যত দ্রুত সম্ভব একটা দৃষ্টান্তমূলক বিচারের রায় এবং সেই রায় বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী আশ্বস্ত করে এসেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমি একজন মেয়ের বাবা হিসেবে; একজন বড় ভাই হিসেবে এখানে এসেছি। ওনার যে ভালোবাসা, ওনার যে চোখের কান্না, আকুতি এবং আমাকে শেষ দেওয়া কথা; সেই কথার ওপরই আমি শতভাগ বিশ্বাসী, আমার মেয়ের বিচার সুষ্ঠু বিচার দ্রুততার সঙ্গে পাব।”—কথাগুলো বলছিলেন রামিসার বাবা হান্নান মোল্লা।

শুক্রবার (২২ মে) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদি গ্রামে মোল্লাবাড়ি পারিবারিক কবরস্থানে রামিসার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় পরিবারের পাশে দাঁড়ানোয় এবং বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সময় তার সঙ্গে  উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।