সারা বাংলা

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির (স্থানীয় প্রযুক্তির যাত্রীবাহী যান) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কে সোনারায় বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম (৩৮) এবং মাহিগঞ্জ এলাকার অকীন্দ্র চন্দ্র রায়ের ছেলে পথচারী বিকাশ চন্দ্র (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দেবীগঞ্জ থেকে নীলফামারীগামী একটি ট্রাকের সঙ্গে নীলফামারী থেকে ডোমারগামী মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম নিহত হন। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ চন্দ্রকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ডোমার ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।