মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-মুজিবনগর সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছেন। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বন্দর এলাকার পিটিআই মোড়ের অদূরে তারা দুর্ঘটনার শিকার হন।
নিহতরা হলেন- সদর উপজেলার রায়পুর খন্দকারপাড়ার আমিরুল ইসলামের ছেলে জীবন (২২) এবং একই এলাকার হাফিজুর রহমানের ছেলে নয়ন (১৮)। তারা বন্ধু ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, মুজিবনগর থেকে একটি ট্রাক মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল। মেহেরপুর থেকে মোটরসাইকেলে করে জীবন ও নয়ন মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। বন্দর এলাকার পিটিআই অতিবাহিত করে চকশ্যামনগর গ্রামের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জীবনকে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।