“আমি তহন চেংড়া বয়সে। তহন দেখছি, একটা প্যান্ট ও গুঞ্জি গাও দিয়ে, চোখে চশমা পইড়া জিয়াউর রহমান আমাগর এই এলাকায় আইছিলেন। তিনি নিজে কোদাল দিয়া মাটি কাইটা এই খাল খননের কাজ উদ্বোধন করছিলেন। তিনি তহন ঐ যে মাদ্রাসাটার সামনে অনেকক্ষণ বইসা আছিলেন।” প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালকাটার স্মৃতিচারণ করতে গিয়ে কথা গুলো বলছিলেন ময়মনসিংহের ত্রিশালের বইলর ইউনিয়নের কানহর গ্রামের জালাল ইসলাম।
তার মতো অনেকেই খালের ধারে টং দোকানের বেঞ্চিতে বসে গল্প করছিলেন। তারা সেইদিনের কথা স্মরণ করে স্মৃতিকাতর হয়ে পড়েন।
জালাল ইসলাম বলেন, "এহন তার ছেলে প্রধানমন্ত্রী হইয়া আবারো আমগোর এলাকায় আইতাছে। এই এলাকার মানুষ কফাইল্যা এখানে প্রেসিডেন্ট আইছে এহন প্রধানমন্ত্রীও আইব।”
কানহর মোড় মসজিদের সাবেক ইমাম ও স্থানীয় বাসিন্দা মো. শহিদুল্লাহ বলেন, “জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়ে এখানে এসেছিলেন, এখন তার ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আসছেন। আমরা খুবই খুশি এবং আনন্দিত।”
তিনি বলেন, “আমরা এই এলাকার মানুষ অবহেলিত। প্রধানমন্ত্রীর বাবা এই খালের পাশ দিয়ে যে সড়কটি দিয়ে হেঁটে গিয়েছিলেন, এখন পর্যন্ত সেই সড়কটির কোনো উন্নয়ন হয়নি। আমরা চাই, এই রাস্তাটি পাকা করার ঘোষণা দেবেন তারেক রহমান। আমাদের এই এলাকায় কমিউনিটি ক্লিনিক নেই। আমরা প্রধানমন্ত্রীর কাছে কমিউনিটি ক্লিনিক চাই।”
স্থানীয় সূত্র জানায়, ১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে কোদাল তুলে ময়মনসিংহের ত্রিশালের বইলর কানহর মোড় সংলগ্ন ধরার খাল পুনঃখনন করেছিলেন। এরপর দীর্ঘ ৪৭ বছর পেরিয়ে গেলেও খালটির কোনো সংস্কার হয়নি। আজ শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর তারেক রহমান নিজে এসে আবারো এই খালটির পুনঃখনন উদ্বোধন করবেন।
ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান লিটন বলেন, “৪৭ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ত্রিশাল উপজেলার বইলর কানহর ধারার খাল পুনঃখনন করেছিলেন। আজ তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করবেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।”
তিনি বলেন, “২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ত্রিশালে তিনবার নজরুল জয়ন্তীতে এসেছিলেন। এবার আমাদের নেতা তারেক রহমান আসবেন। আমরা ত্রিশালবাসী কৃতজ্ঞ।”
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় উপজেলার বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি।
দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এবং তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকের পাশাপাশি ইউনিফর্ম পড়ে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাকের পাশাপাশি ইউনিফর্মে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।