সারা বাংলা

কুষ্টিয়ায় নিহত ৩ জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত

কুষ্টিয়ার খোকসায় ডাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি দৌলতপুর উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে রাফিয়া (১৫)। বাকি দুই পুরুষের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় একজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা মারা যান।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান বলেন, “গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আলতাব হোসেন জানান, “দুর্ঘটনায় নিহত ৩ জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। দুই পুরুষের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।”