সারা বাংলা

বিদেশ যাওয়ার তিনদিন আগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত 

সোমবার (২৫ মে) ভিয়েতনামের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল ২০ বছর বয়সী তরুণ আশিক ভূঁইয়ার। পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট—সবই ছিল। দরিদ্র বাবার মুখে হাসি ফোটাতে, নিজের ভাগ্য বদলাতে বুকভরা স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমানোর দিন গুনছিলেন আশিক ভূঁইয়া। কিন্তু তার আগেই দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারালেন তিনি। 

নরসিংদীর পলাশ উপজেলার মাঝেরচর গ্রামে ব্যাডমিন্টন খেলা নিয়ে পূর্ব শত্রুতার জেরে শুক্রবার (২২ মে) সন্ধ্যায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় রুহুল আমিন ও ইলিয়াস নামে আরও দুই তরুণ গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আশিক ভূঁইয়া মাঝেরচর গ্রামের মনির ভূঁইয়ার ছেলে। তিনি সম্প্রতি এইচএসসি পাস করেন।

স্থানীয় সূত্র ও নিহতের পারিবার জানায়, কিছুদিন আগে এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সাথে আশিকের বিরোধ তৈরি হয়। সেই শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা আশিককে হত্যার নীল নকশা তৈরি করে। ঘটনার দিন সন্ধ্যায় আশিকের বাড়ির সামনেই তার ওপর অতর্কিতে হামলা করা হয়।  

হামলাকারীদের মধ্যে সাগর, সোহাগ, ইউনুস আলী, মিনাত আলী ও জাকিরের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, সাগর হামলার আগে নতুন ছুরি কিনেছিল। ছুরি দিয়ে সে আশিকের পেটে ও শরীরে উপর্যুপরি আঘাত করে। আশিকের চিৎকারে রুহুল আমিন ও ইলিয়াস এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

নিহতের দাদী বিলকিস বেগম আর্তনাদ করে বলেন, ‘‘আমার ভাইডারে ওরা যাইতে দিল না। সোমবার ফ্লাইট ছিল। সব গুছগাছ কইরা রাখছিল। নতুন ছুরি কিনা আইনা আমার বুক খালি কইরা দিল! আমার ভাইডারে ওরা বিদেশে যাইতে দিল না, এক্কেবারে কবরে পাঠাইয়া দিল।’’ 

ঘটনার পর থেকে অভিযুক্ত সাগর, সোহাগসহ বাকি আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে উল্লেখ করে পলাশ থানার অফিসার ইনচার্জ শাহেদুল ইসলাম বলেন, ‘‘খবর পাওয়ার সাথেসাথে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যাডমিন্টন  খেলা নিয়ে যুবকদের মধ্যকার পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মামলার প্রস্তুতি চলছে।’’

এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।