সারা বাংলা

কুষ্টিয়ায় ট্রলিচাপায় শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় ট্রলিচাপায় আরিয়ান (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৩ মে) সদর উপজেলার শিমুলিয়া মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিয়ান ওই এলাকার মামুন হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিয়ান বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। এ সময় ধানবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে আরিয়ান গুরুতর আহত হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রলিটি আটক করে এলাকাবাসী।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, “এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”