সারা বাংলা

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দুই কিশোরের

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। রবিবার (২৪ মে) দুপুরে বাসাইল-ভাতকুড়া আঞ্চলিক সড়কের বাংড়া কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বাংড়া এলাকার প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৬) ও একই এলাকার শওকত আলীর ছেলে মো. লিমন (১৪)। তারা করটিয়া এইচ এম ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাকবির মিয়া মারা যায়। গুরুতর আহত হয় মোটরসাইকেলের আরোহী লিমন ও সাইমন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। সাইমনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”