পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ৮৫৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর অর্থ উপহার বিতরণ করা হয়েছে। এ সময় রসিক প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরাই রংপুর নগরীর সৌন্দর্য গড়ার মূল কারিগর।
সোমবার (২৫ মে) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে ঈদ উপহার তুলে দেন রসিক প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, বর্জ্য ব্যবস্থাপনা শাখার প্রধান নাঈম হাসান খান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. নিখিলেন্দ্র গুহ রায়সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা ভালো থাকলে নগরও ভালো থাকবে। সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন তারাই শহর পরিষ্কার রাখতে কাজ করেন। তাই তাদের কষ্ট ও অবদানকে সম্মান জানানো সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের সন্তানদের শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। একদিন তারাই বড় মানুষ হয়ে সমাজে অবদান রাখবে, সেটিই হবে সবচেয়ে বড় গর্ব।
প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান বলেন, পরিচ্ছন্নতাকর্মীরাই সিটি কর্পোরেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাদের শ্রমের মূল্যায়ন করেই এই আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, রংপুরকে একটি বাসযোগ্য ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার যে ভিশন বর্তমান প্রশাসকের রয়েছে, তা পরিচ্ছন্নতাকর্মীদের ছাড়া সম্ভব নয়।
উপহার পাওয়া কর্মী আলো মনি বলেন, দীর্ঘ চাকরি জীবনে কখনো এমন ঈদ উপহার পাননি। এ জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।
আরেক কর্মী হাসনা বানু বলেন, ঈদ উপলক্ষে ৫ হাজার টাকা পেয়ে তারা খুশি। সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।