সারা বাংলা

গরু নিয়ে হাটে যাওয়া হলো না জিসানের

মাদারীপুরে বজ্রপাতে জিসান খান (১১) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই জন।

সোমবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার ছিলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিসান খান একই উপজেলার পশ্চিম ছিলারচর এলাকার আইয়ুব খানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে গরু নিয়ে হাটে যাচ্ছিল জিসানসহ তিন জন। পথে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই জিসান মারা যান। আহত হন সঙ্গে থাকা হিমেল খান ও বাবুল খান। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুর সদর হাসপাতালের আরএমও অখিল সরকার বলেন, “মৃত অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।”