ঢাকার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মাদক কারবারি শামীম রেজার সঙ্গে সখ্যের অভিযোগে সাভার মডেল থানা পুলিশের ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিভিন্ন সূত্রে পাওয়া অভিযোগ ও পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সোমবার (২৫ মে) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।
প্রত্যাহার হওয়া তিন পুলিশ কর্মকর্তা হলেন- সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসিফুর ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেরাজ।
এর আগে, গত শুক্রবার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন বেসরকারি এসএ টিভির স্থানীয় প্রতিনিধি সাদ্দাম, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরাপার্সন মনিরুল কাইয়ুমসহ দেশ টিভির প্রাইভেটকার চালক জয়নাল।
হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি মারধরের পাশাপাশি সাদ্দাম ও তুহিনকে ছুরিকাঘাত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে।
তবে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরেও অভিযুক্ত শামীমকে আটক না করা এবং পরবর্তীতে শামীমের পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের কিছু কর্মকর্তার সঙ্গে শামীমের সখ্যের ও যোগাযোগ রক্ষার অভিযোগ উঠে। সেই সঙ্গে তার পালিয়ে যাওয়ার পেছনে পুলিশের দায়িত্বে অবহেলা প্রশ্নটিও সামনে আসে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শামীম রেজাকে প্রধান করে ২১ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেছেন দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক মো. ফখরুল ইসলাম মজুমদার।