চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী মহানন্দা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাওয়াভাষা গ্রামের মহানন্দা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গোমস্তাপুর থানা-পুলিশ ও গোদাগাড়ী নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ওসি নুরে আলম বলেন, “উদ্ধার হওয়া ব্যক্তির পরনে টি-শার্ট ও প্রিন্টেড হাফ প্যান্ট ছিল। স্থানীয়ভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, মরদেহটি কোনো ভারতীয় নাগরিকের হতে পারে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।”