সারা বাংলা

হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ

বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৫ মে) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- উপজেলার ধুলখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর ইসলাম (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (১২) ও মো. হারুন বিশ্বাস (৪৫)।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মণ্ডল বলেন, “জেলে কার্ডের চাল নিয়ে আলিগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশে একটি ইঞ্জিনচালিত নৌকা রওনা দেয়। মাঝ নদীতে যাওয়ার পর ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় থাকা ৮ জনের মধ্যে পাঁচজন পাশ দিয়ে যাওয়া অপর একটি ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান। নিখোঁজ হন তিনজন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।”