পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি গরুবোঝাই ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আইয়ুব মিয়ার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন এলাকায়। ট্রলারে থাকা ২৮টি গরুর মধ্যে ৫টি উদ্ধার করা হলেও বাকি ২৩টি গরু স্রোতে ভেসে গেছে।
সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে পদ্মা নদীর মাঝখানে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলার বরাবর এ দুর্ঘটনা ঘটে।
মাওয়া নৌ পুলিশের ইনচার্জ মো. ইলিয়াস জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে মাঝ নদীতে ডুবে যায়। দুর্ঘটনার পর অন্য সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও আইয়ুব মিয়া নিখোঁজ হন।
তিনি জানান, নদীতে তীব্র স্রোত এবং আবহাওয়া প্রতিকূলে থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। আবহাওয়া অনুকূলে এলে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকাজ শুরু করা হবে।