সারা বাংলা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ২৩ কি‌লো‌মিটার এলাকায় থেমে থেমে যানজট

অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে থেমে থেমে ২৩ কিলোমিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। 

সোমবার (২৫ মে) দিবাগত রাত থেকে মঙ্গলবার (২৬ মে) সকার পর্যন্ত যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হ‌য়।

দীর্ঘ যানজটে ঈদে ঘরমুখী মানুষদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে। 

গাজীপুরের মৌচাক থেকে আসা পাবনাগামী মোতালেব মিয়া বলেন, ‍‍“মঙ্গলবার ভোর রাতে বাস না পেয়ে ট্রাকে উঠেছি। দেড় ঘণ্টার রাস্তা পার হতে সময় লেগেছে প্রায় সাড়ে ৩ ঘণ্টা। মহাসড়কের পৌলিতে এসেও আটকে আছি।” 

বাসযাত্রী নিলুফা বেগম বলেন, “আমি পাবনায় যাবো। টাঙ্গাইলের ঘারিন্দার পর থেকে থেমে থেমে যানজট। একটু যায়, আবার আটকে যায়। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে।”

যুবক মনোয়ার মিয়া বলেন, “কোনো বাসেই আসন ফাঁকা নেই। দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে তিন গুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছি। এখানেও যানজটে কষ্ট হচ্ছে।”

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেছেন, “রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে একটু জটলা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হবে।”